Image description

বরিশালের বাবুগঞ্জে সপ্তাহব্যাপী টানা ভারী বর্ষণের ফলে রহমতপুর–মীরগঞ্জ–মুলাদী আঞ্চলিক সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট ফেরিঘাটমুখী এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১০ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঁচ রাস্তা স্টেশন সংলগ্ন খান বাড়ির সামনে সড়কের উল্লেখযোগ্য অংশ কার্পেটিংসহ পাশের একটি পুকুরে ধসে গেছে। সড়কের নিচের মাটি সরে যাওয়ায় বর্তমানে যানবাহনগুলোকে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত এক সপ্তাহ ধরে চলা প্রবল বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ফলে শুক্রবার গভীর রাতে সড়কের একটি বিশাল অংশ আকস্মিক ধসে পড়ে।

উল্লেখ্য, রহমতপুর–মীরগঞ্জ–মুলাদী সড়কটি বরিশাল জেলার সঙ্গে মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জসহ কাজিরহাট ফেরিঘাটের অন্যতম প্রধান যোগাযোগ পথ। আড়িয়াল খাঁ নদীতে ফেরি পারাপারের মাধ্যমে প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন ও দূরপাল্লার বাস এই সড়ক ব্যবহার করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। সড়কটির এই ক্ষতির ফলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।

স্থানীয় বাসিন্দা আবুল বাশার বলেন, "টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে সড়কটি পুকুরে দেবে গেছে। দ্রুত সংস্কার করা না হলে আরও বড় অংশ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচল করলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।"

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানান, প্রবল বর্ষণের কারণেই সড়কের এই ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত সংস্কারের জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পন্ন করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর