গাজীপুরের শ্রীপুরে ককটেল ফাটিয়ে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ব্যানার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—ময়মনসিংহ জেলার পাগলা থানার দক্ষিণ হারিনা গ্রামের মো. রাজু (২৩), মো. তানজিম (১৪), গাভী শিমুল গ্রামের মো. ওয়ালি ইসলাম (৩২) এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মাদাখলা গ্রামের মো. রাব্বি (১৯), চর বিশ্বনাথপুর গ্রামের মো. ইমন (২০) ও মো. মোবারিশ (২০)। আটককৃতরা পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকে শ্রীপুরে মিছিল করতে এসেছিলেন বলে জানা গেছে।
বরমী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রনি আকন্দ জানান, শুক্রবার জুমার নামাজের পর ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী একটি বাস ও দুটি মাইক্রোবাসযোগে দুর্লভপুর এলাকায় আসে। তারা ব্যানার নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টা করলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এগিয়ে এলে তারা পালানোর চেষ্টা করে। এসময় বাস ও একটি মাইক্রোবাস দ্রুত সটকে পড়লেও অন্য একটি মাইক্রোবাসসহ ৬ জনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানবকণ্ঠ/ডিআর




Comments