Image description

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় শনিবার রাতের টানা বর্ষণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ ও হরিণহাটি এলাকায় হাঁটু পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। ঘরবাড়ি, দোকানপাট ও সড়কে পানি ঢুকে পড়ায় জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

রোববার (১২ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, পৌরসভার হরিণহাটি, জোড়াপাম্প, বিশ্বাসপাড়া, ভাঙা মসজিদ, খাজার ডেক, আনসার একাডেমি এলাকা, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, নিশ্চিন্তপুর, হাবিবপুর, রূপনগর, কলাবাধা, ডাইনকিনী, হরতকীতলা, মাইওয়ান, দিঘীরপাড় বটতলা ও পূর্ব চান্দরাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। রান্নার চুলা ও আসবাবপত্র পানিতে ভিজে যাওয়ায় চরম কষ্টে দিন কাটছে সাধারণ মানুষের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, খাল ও জলাশয় ভরাট এবং পানি প্রবাহের স্বাভাবিক পথ সংকুচিত হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিশ্বাসপাড়া, হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ খালগুলোর মুখ সরু হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকাগুলো দ্রুত তলিয়ে যায়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকাকেও বড় কারণ হিসেবে দেখছেন ভুক্তভোগীরা।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে খালগুলোর পানি ধারণ ক্ষমতা অতিক্রম করেছে। ফলে পানি দ্রুত নামতে পারছে না। পরিস্থিতি মোকাবিলায় ড্রেন পরিষ্কার এবং খাল থেকে প্রতিবন্ধকতা অপসারণের কাজ শুরু হয়েছে। দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে।”

মানবকণ্ঠ/ডিআর