বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির প্রথম সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)। বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ গণপূর্ত ভবনে বিসি কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান মউকের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
চেয়ারম্যান বলেন, "এখন থেকে নগরীর প্রতিটি ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক। এর ব্যতিক্রম ঘটলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও জানান, নকশা অনুমোদনের আগে সরেজমিনে জমি পরিদর্শন করা হবে এবং অনুমোদনের পর তিন বছরের মধ্যে নির্মাণকাজ শুরু না করলে সেই নকশার অনুমোদন বাতিল হয়ে যাবে।
সভায় ময়মনসিংহের সামগ্রিক উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরে মোতাহার হোসেন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী ব্রহ্মপুত্র নদের ওপারে ৯৪৫ একর জমিতে একটি পরিকল্পিত ও আধুনিক নতুন নগর গড়ে তোলা হবে। যেখানে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পার্কসহ আধুনিক সব নাগরিক সুবিধা থাকবে।
নগরীর যানজট ও জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিতভাবে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে বলেও জানান মউক চেয়ারম্যান। তিনি ময়মনসিংহকে মেট্রোপলিটন এলাকা ঘোষণা এবং অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে অনুষ্ঠিত বিসি কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন মউক চেয়ারম্যান। সভায় কমিটির সদস্য সচিব ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মউক চেয়ারম্যান আরও বলেন, জনবল নিয়োগের পর নগরীর পুরনো ভবনগুলোও পরিদর্শন করা হবে। বিধি লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা আদায় করে সেই অর্থ নগর উন্নয়নে ব্যয় করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments