নরসিংদীর রায়পুরা উপজেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় পানিতে ডুবে ৬ কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার (১৭ জুলাই) সকালে বিয়ে বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে একই উপজেলায় চার মাদরাসাছাত্রীর সলিল সমাধি ঘটে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো— ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার (৮) এবং চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। জান্নাতি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং লামিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে নানা বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল লামিয়া। পরে জান্নাতির সঙ্গে বাড়ির পাশের বিলে গোসল করতে নামে তারা। সাঁতার না জানায় একপর্যায়ে দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা জানান, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে বৃহস্পতিবার উপজেলার চাঁদেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় কাঁকন নদীর একটি খালে গোসল করতে নেমে চার মাদরাসাছাত্রী— তাবিয়া, জান্নাত, সুমাইয়া ও আয়েশার মৃত্যু হয়।
মাত্র একদিনের ব্যবধানে উপজেলায় ৬টি শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। বারবার এমন দুর্ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments