Image description

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমবাগ থেকে ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে ৪-৫টি গ্রামের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা, পানি ও বড় বড় গর্তে একাকার হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, এই ভাঙাচোরা সড়কের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা। কাদা ও পিচ্ছিল রাস্তার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না, যার ফলে তাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে।

রাস্তাটি এতটাই জরাজীর্ণ যে, অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার দুরবস্থার কারণে অনেক গর্ভবতী নারী প্রসবের এক থেকে দুই মাস আগেই নিরাপদ চিকিৎসার জন্য নিজ এলাকা ছেড়ে অন্যত্র আত্মীয়-স্বজনের বাড়িতে চলে যেতে বাধ্য হচ্ছেন। ২০২৬ সালে এসেও একটি সড়কের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হওয়াকে অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন তারা।

সড়কটির বেহাল দশার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। বাজারে যাতায়াতসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য পরিবহনে এলাকাবাসীকে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কাকড়াজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ দ্রুত এই সড়কটি সংস্কার ও পাকাকরণের জোর দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, জনস্বার্থ বিবেচনা করে দ্রুত এই জরাজীর্ণ সড়কটির উন্নয়ন নিশ্চিত করা হোক, যাতে শিশু ও মা-বোনদের যাতায়াত নিরাপদ হয়।

মানবকণ্ঠ/ডিআর