Image description

পড়াশোনা শেষ করে এক বুক স্বপ্ন নিয়ে জরাজীর্ণ পরিবারের হাল ধরার কথা ছিল তার। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই সম্ভাবনাময় তরুণ প্রাণ এখন হাসপাতালের সাদা চাদরে ঢাকা পড়েছে। খুলনা জেলার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের কৃতি সন্তান হুসাইন আহমেদ এখন ভারতের তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (CMC) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী এই শিক্ষার্থী যক্ষ্মা (টিবি) রোগের অত্যন্ত জটিল ও শেষ পর্যায়ে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, হুসাইনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে প্রয়োজন দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত ব্যয়বহুল উন্নত চিকিৎসা।

হুসাইন শুধু একজন মেধাবী শিক্ষার্থীই নন, তিনি তার মধ্যবিত্ত পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি এবং বেঁচে থাকার একমাত্র অবলম্বন। চিকিৎসার পেছনে ইতিমধ্যেই পরিবারের সবকিছু শেষ হয়ে গেছে। বর্তমানে উন্নত চিকিৎসার যে বিপুল খরচ, তা বহন করার মতো সামর্থ্য এই অসহায় পরিবারের আর নেই। টাকার অভাবে চোখের সামনে একটি তরতাজা প্রাণ ঝরে যাবে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহপাঠী ও স্বজনরা।

হুসাইনের এই চরম বিপদে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গণ-ফান্ডিংয়ের উদ্যোগ নিয়েছে তার সহপাঠীরা। পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের প্রাক্তন ছাত্ররা এই মানবিক প্রচারণায় নেমেছেন।

সহপাঠিদের পক্ষে সাকিবুল হাসান অত্যন্ত আবেগভারাক্রান্ত কণ্ঠে বলেন, "হুসাইন আমাদের ভাই, আমাদের বন্ধু। ওর চোখের ভেতরের বাঁচার আকুতি আমরা সইতে পারছি না। আমরা সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু চিকিৎসার বিশাল খরচের সামনে তা খুবই সামান্য। সমাজের বিত্তবান ও সাধারণ মানুষের একটুখানি সহানুভূতিই পারে আমাদের বন্ধুকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে।"

একটি সম্ভাবনাময় তরুণ প্রাণকে অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা করতে হুসাইনের জরুরি চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠাতে পারেন সরাসরি তাঁর সহপাঠীদের দেওয়া এই বিকাশ বা নগদ (ব্যক্তিগত) নম্বরে: ০১৯২৬৮১৮০৬১। এছাড়া চিকিৎসাসংক্রান্ত যেকোনো তথ্য বা যোগাযোগের জন্য সাকিবুল হাসানের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামান্যতম অনুদান বা সহায়তা হতে পারে হুসাইনের জন্য এক নতুন জীবনের দিশারি। একটি অসহায় পরিবারকে আলোর মুখ দেখাতে মানবিক এই আহ্বানে সাড়া দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁর স্বজনরা।

মানবকণ্ঠ/ডিআর