Image description

গাজীপুরের পূবাইলে বহুল প্রতীক্ষিত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করতে এসে এক ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। শনিবার (১৮ জুলাই) দুপুরে পূবাইল-জয়দেবপুর সড়কের ৫ কিলোমিটার অংশের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি নিজেই মোনাজাত পরিচালনা করেন। সংসদ সদস্যের এমন উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ভিন্নমাত্রার এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পূবাইল-জয়দেবপুর সড়কের ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত ৫ কিলোমিটার অংশের উন্নয়নকাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় সড়ক প্রশস্তকরণ, বিটুমিনাস ও আরসিসি ঢালাই, ড্রেন এবং ফুটপাত নির্মাণ করা হবে। প্রকল্পের নির্মাণকাজ পরিচালনা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কেই-বি এন্ড সি (জেভি)’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি বাস্তবায়িত হলে পূবাইল, পূর্বাচল, কালীগঞ্জ ও ঘোড়াশাল এলাকার কয়েক লাখ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

দীর্ঘদিন ধরে ইছালী ব্রিজ থেকে কলেজগেট পর্যন্ত সড়কটি খানাখন্দে ভরা ও সরু ছিল। সামান্য বৃষ্টিতে কাদা আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে এই পথে চলাচলকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। জয়দেবপুরের বাঙ্গালগাছ থেকে ইছালী ব্রিজ পর্যন্ত উন্নয়নকাজ আগেই প্রায় শেষ হয়েছে। এখন বাকি ৫ কিলোমিটার অংশের কাজ শুরু হওয়ায় পুরো সড়কটি একটি আধুনিক যোগাযোগপথে রূপ নিতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বারিয়া) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, "এই সড়কটি এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ আরও প্রসারিত হবে।"

অনুষ্ঠানে উপস্থিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, "আধুনিক ও টেকসই মান বজায় রেখে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর তদারকি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে পূবাইল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করছেন, এই সড়কটির কাজ শেষ হলে গাজীপুর শহরের সঙ্গে পূবাইলের যাতায়াতের সময় নাটকীয়ভাবে কমে আসবে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন গতির সঞ্চার হবে।

মানবকণ্ঠ/ডিআর