Image description

ময়মনসিংহে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শম্ভুগঞ্জ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাওয়ার সময় সড়কের পাশের একটি ট্রাক ডিপো থেকে একটি ট্রাক বের হচ্ছিল। এসময় দ্রুতগামী অটোরিকশাটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এক যুবক নিহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহত তিন নারী ও অটোরিকশাচালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর এক নারী বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, অটোরিকশাচালক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে কৌশলে পালিয়ে গেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্য দুই নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি; তবে তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

তিনি আরও জানান, বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক ও অটোরিকশাটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর