মানবকণ্ঠের সংবাদের প্রভাব
সোনারগাঁয়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপিপুত্র সজীব
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় জামপুর ইউনিয়নের মীরেরটেক গ্রামের জনদুর্ভোগ নিয়ে গত বুধবার (২২ জুলাই) দৈনিক মানবকণ্ঠে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নজরে এলে তিনি দ্রুত স্থানীয় চেয়ারম্যানকে সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
মানবকণ্ঠের সেই সংবাদের সূত্র ধরে অবশেষে বুধবার (২৯ জুলাই) বিকেলে জলাবদ্ধতা কবলিত এলাকাটি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও সাবেক যুবদল নেতা খায়রুল ইসলাম সজীব। পরিদর্শনকালে তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের মানবেতর জীবনযাপনের কথা শোনেন।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে খায়রুল ইসলাম সজীব বলেন, “আপনাদের এই অবর্ণনীয় কষ্ট দেখে আমার বুক ফেটে কান্না আসছে। আপনারা শান্তিতে থাকতে না পারলে আমারও শান্তিতে ঘুমানোর কোনো অধিকার নেই। আপনাদের এই দীর্ঘদিনের দুর্ভোগ আর চলতে দেওয়া যায় না। আমি আপনাদের সন্তান ও ভাই হিসেবে কথা দিচ্ছি, দ্রুত এই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান করাই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আপনারা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।” পরে তিনি দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সচল করার বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন— জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা, জামপুর ইউনিয়ন যুবদল নেতা মিন্টু, সাদিপুর ইউনিয়ন যুবদল নেতা আওলাদ হোসাইন, সোলমান ও কাউসারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments