Image description

মহামান্য হাইকোর্ট বিভাগের সুস্পষ্ট নির্দেশনা, শোকজ ও রুল জারির পরও তা উপেক্ষা করে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের নির্দেশনা ও জেলা প্রশাসনের স্থগিতাদেশ তোয়াক্কা না করে নির্বাচন সম্পন্ন করায় স্থানীয় সাংবাদিক, আইনজীবী ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কুমিল্লা জেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬-২০২৮ এর ভোটার তালিকায় ত্রুটি ও গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে একটি জনস্বার্থমূলক রিট পিটিশন (নং-১০১৭৩/২০২৬) দায়ের করা হয়। গত ২৯ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মিসেস ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুনানি শেষে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন কমিশনের ওপর কেন রুল জারি করা হবে না, এই মর্মে শোকজ প্রদান করেন। রিটে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন, নতুন তালিকা প্রণয়ন এবং নির্বাচনী তফসিল পুনর্নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছিল।

অভিযোগ উঠেছে, উচ্চ আদালতের এই আদেশের কপি পাওয়ার পরও ৩০ জুলাই দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার কার্যক্রম চালিয়ে যান প্রধান নির্বাচন কমিশনার শাহ মো. আলমগীর খান এবং নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু।

এদিকে, মহামান্য হাইকোর্ট রুল জারি করার পর জননিরাপত্তা ও আইনি জটিলতা এড়াতে কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার তাৎক্ষণিকভাবে নির্বাচন বন্ধের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে চিঠি প্রদান করেন। কিন্তু প্রশাসনের সেই নির্দেশনাকেও গুরুত্ব না দিয়ে নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যায়।

রিট পিটিশনটির আবেদনকারী সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর অভিযোগ করেন, বর্তমান কমিটি গঠনতন্ত্র লঙ্ঘন করে অশিক্ষিত ও অসাংবাদিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ন্যায়বিচারের স্বার্থে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালতও অভিযোগের গুরুত্ব বিবেচনায় নির্বাচন স্থগিত ও রুলের আদেশ দেন। আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান।

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে এমন নির্বাচন অনুষ্ঠানের ফলে কুমিল্লার সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন—দেশের আইনের শাসন ও উচ্চ আদালতের নির্দেশনা কি এখন শৌখিন বিষয়ে পরিণত হয়েছে? এই ঘটনার পর মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে বলে জানা গেছে।

মানবকণ্ঠ/ডিআর