Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। আটক সাইফুল উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের চৈরাপাড়া গ্রামের শহিদুল্লাহ সরকারের ছেলে।

শনিবার (১ আগস্ট) রাতে ধন্দী বাজার থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সোনারগাঁ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং নোয়াগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এ ছাড়া তার বাবা শহিদুল্লাহ সরকার নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল ও ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে জানা যায়। এ ছাড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।

এ বিষয়ে তালতলা ফাঁড়ির ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, সাইফুল বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল ও ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।