চন্দনাইশে অবৈধ গ্যাস রিফিলিং কারখানায় এসিল্যান্ডের হানা, সিলিন্ডার জব্দ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জনবসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা একটি অবৈধ এলপিজি গ্যাস রিফিলিং কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। রোববার গভীর রাতে উপজেলার বদুরপাড়া রাস্তা মাথা এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। অভিযানে ঘটনাস্থল থেকে ২০টি ভর্তি এবং প্রায় ৫০টি খালি এলপিজি গ্যাস সিলিন্ডারসহ গ্যাস স্থানান্তরের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার সাথে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত ভর্তি সিলিন্ডারগুলো বিস্ফোরক ঝুঁকি তৈরি করতে পারে বিধায় সোমবার সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়। অন্যদিকে, খালি সিলিন্ডারগুলো বর্তমানে প্রশাসনিক হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।
জনবহুল এলাকায় এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments