Image description

চট্টগ্রামের চন্দনাইশে খেলার সময় ভিমরুলের কামড়ে মো. ইয়াছিন আরহাম রামীম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৩ আগস্ট) রাত ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রামীম চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরমপাড়া ইউছুপ তালুকদার বাড়ির প্রবাসী খোরশেদ আলমের ছোট ছেলে। সে স্থানীয় বহরমপাড়া আজিজিয়া মাদ্রাসার নূরানী শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (০২ আগস্ট) বিকেল ৪টার দিকে বাড়ির উঠান ও আশপাশে খেলছিল শিশু রামীম। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে। অসংখ্য ভিমরুলের দংশনে সে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার শেষ রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিহতের চাচা মো. কুতুব উদ্দিন হাসান বলেন, "রামীম বাড়ির উঠানে খেলাধুলা করার সময় হঠাৎ ভিমরুলের আক্রমণের শিকার হয়। আমরা তাকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না।"

তিনি আরও জানান, রামীমের বাবা বর্তমানে প্রবাসে রয়েছেন। একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি দেশে পৌঁছানোর পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর