Image description

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) নগরীর লক্ষ্মীপুরে হাসপাতালটির ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বিভাগের ২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও কনসালট্যান্ট প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।

হাসপাতালের সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট এ এস এম মামুন শাহীনের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ দীর্ঘদিনের জুলুম, নির্যাতন ও দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। অসংখ্য শহীদের আত্মত্যাগ এবং বহু মানুষের আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত এই দিনকে স্মরণীয় করে রাখতে ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনি, নিউরোমেডিসিন, কার্ডিওলজি, অর্থোপেডিকস, চর্ম ও যৌন, রিউমাটোলজি, শিশুরোগ, ইউরোলজি, রক্তরোগ, নাক-কান-গলা, চক্ষু, কিডনি মেডিসিন ও রেডিয়েশন অনকোলজিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরামর্শ ও চিকিৎসাসেবা দেন। এ ছাড়া একজন ফিজিওথেরাপিস্টও সেবা প্রদান করেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিভাগের ডা. শহিদুল ইসলাম ও ডা. উম্মে হাবিবা জ্যোতি; জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. বাহারুল ইসলাম, ডা. মো. গোলাম মোর্তজা, ডা. সৈয়দা মোমেনা হোসেন নিশি, ডা. মাহবুবুল আলম ও ডা. আলী জামান।

গাইনি বিভাগে সেবা দেন ডা. নুর-এ-আতিয়া লাভলী, ডা. নাসরিন আরা পারভীন লিপি, ডা. মোসফিকা কাওশরী লিসা, ডা. মোছা. শরীফা রানী ও ডা. শাহনাজ বানু চম্পা। নিউরোমেডিসিন বিভাগে ছিলেন ডা. রেজা নাসিম আহমেদ রনি ও ডা. নাহিদ আক্তার শাকিল।

এ ছাড়া কার্ডিওলজি বিভাগে অধ্যাপক ডা. মো. আবুল হোসেন ও ডা. হাসনাতু রাব্বি, অর্থোপেডিক বিভাগে ডা. ওবায়দুল হক ও ডা. শরিফ উদ্দিন লিটন, চর্ম ও যৌন বিভাগে ডা. মো. আফসার সিদ্দিকী, রিউমাটোলজি বিভাগে ডা. মো. আসাদুল ইসলাম, শিশুরোগ বিভাগে ডা. মো. শামসুল আলম এবং ইউরোলজি বিভাগে ডা. মো. আসাদুজ্জামান চিকিৎসাসেবা দেন।

রক্তরোগ বিভাগে ডা. রোমেনা আলম, নাক-কান-গলা বিভাগে ডা. মো. আতিকুর রহমান কাজল, চক্ষু বিভাগে ডা. মোহাম্মদ রহমতি খোদা, কিডনি মেডিসিন বিভাগে ডা. সামীরা খাতুন এবং রেডিয়েশন অনকোলজি বিভাগে ডা. মো. শাহ মারুফ মোরশেদ চিকিৎসাসেবা দেন। ফিজিওথেরাপি সেবা প্রদান করেন মো. বখতিয়ার উদ্দিন।

এদিকে, হাসপাতালের দ্বিতীয় তলায় কনসালটেশন সেন্টারে দুপুর ১২টায় সন্তানসম্ভবা নারীদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট এ এস এম মামুন শাহীন।

আলোচনা সভায় গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. মোছা. শরীফা রানী, ডা. মোসফিকা কাওশরী লিসা ও ডা. শাহনাজ বানু চম্পা গর্ভকালীন স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও স্বাস্থ্যবিধি বিষয়ে পরামর্শ দেন।

বক্তারা বলেন, সন্তান ধারণের আগে ও পরে নারীদের স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সচেতন থাকতে হবে। মা ও অনাগত শিশুর সুস্থতা নিশ্চিত করতে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত সন্তানসম্ভবা নারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. শাহনাজ বানু চম্পা। হাসপাতালের মার্কেটিং অফিসার মো. রেজাউল করিম উজ্জ্বল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।