Image description

চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে এক প্রসূতির শরীরে একই দিনে দুইবার সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে। সন্তান প্রসবের পর জটিলতার কথা জানিয়ে পুনরায় অস্ত্রোপচার করা হলে ওই নারীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে বলে অভিযোগ করেছেন স্বজনরা। বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে অভিযোগ উঠলেও পরে তা জানাজানি হলে হাসপাতালজুড়ে স্বজনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

গত ৪ আগস্ট বিকেলে নগরের পাঁচলাইশ থানার আওতাধীন পার্কভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রসূতির নাম সাজু আক্তার। তার স্বামী মো. ইমরান।

রোগীর স্বজনরা জানান, গত ৪ আগস্ট বিকেল ৪টার দিকে সন্তান প্রসবের জন্য সাজু আক্তারকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার সিজারিয়ান অস্ত্রোপচার করা হলে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। তবে অস্ত্রোপচারের কিছু সময় পর হাসপাতাল কর্তৃপক্ষ ‘অন্য সমস্যা’ রয়েছে জানিয়ে দ্বিতীয়বার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। স্বজনদের অভিযোগ, এ বিষয়ে তাদের স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

পরপর দুইবার বড় ধরনের অস্ত্রোপচারের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। স্বজনদের অভিযোগ, রোগীর পরিস্থিতি গুরুতর হলেও হাসপাতাল কর্তৃপক্ষ শুরুতে বিষয়টি তাদের কাছ থেকে আড়াল করার চেষ্টা করে।

সাজু আক্তারের মা মরতুজা বেগম বলেন, “আমার মেয়েকে সন্তান প্রসবের জন্য এখানে ভর্তি করেছিলাম। প্রথম অস্ত্রোপচারের পর বাচ্চা ভালো ছিল। কিন্তু হঠাৎ কোনো পরিষ্কার তথ্য না দিয়ে আবার আমার মেয়ের পেটে অস্ত্রোপচার করা হয়। এক দিনে দুইবার সিজার করায় তার অবস্থা এখন খুবই সংকটাপন্ন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এ বিষয়ে বক্তব্য জানতে পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।