Image description

কক্সবাজারের টেকনাফে বালুবাহী ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।

হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির পরিদর্শক নুরুল আবছার জানান, সকালে রুবেল ও আরমান মোটরসাইকেলে করে ঘিলাতলী থেকে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। কেরুনতলী ফরেস্ট অফিসের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রুবেল মারা যান। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ডাম্পারটির চালক ও সহকারী গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রাথমিকভাবে ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে জানা গেছে। পরিদর্শক নুরুল আবছার বলেন, ডাম্পারটি জব্দ এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম আর এ