Image description

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী পিকআপভ্যান। পথিমধ্যে নারান্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারীসহ চার আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পিকআপ ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

ডিআর