মানবকণ্ঠে সংবাদ প্রকাশের পর ‘কাউবয় ফুডস’-এ অভিযান, ২ লাখ টাকা জরিমানা
শ্রমিক নির্যাতনের অভিযোগ
দৈনিক মানবকণ্ঠে সংবাদ প্রকাশের পর ঢাকার আশুলিয়ায় ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’ নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্রে অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে, সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে এক নারী শ্রমিককে কারখানায় আটকে রেখে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন।
এর আগে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া শিশুখাদ্য উৎপাদন এবং তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ নিয়ে দৈনিক মানবকণ্ঠে ‘অনুমোদন ছাড়াই আশুলিয়ায় চলছে শিশু খাদ্য উৎপাদন, সাংবাদিক প্রবেশে বাধা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে এই অভিযান চালানো হয়।
ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন জানান, কারখানাটিতে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়া গেছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে দ্রুত সংশোধনের প্রতিশ্রুতি দেওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের রেশ কাটতে না কাটতেই ওই কারখানার এক নারী শ্রমিককে আটকে রাখা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে তানহা আফরিন (২৫) নামে এক নারী শ্রমিককে আটকে রেখে তাঁর ও তাঁর স্বামী মো. আজিমের (২২) সাথে দুর্ব্যবহার এবং প্রাণনাশের হুমকি দেয় কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় আজিম বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের চৌহালী এলাকার বাসিন্দা আজিম ও তাঁর স্ত্রী সম্প্রতি এই কারখানায় কাজে যোগ দেন। গণমাধ্যমে কারখানাটির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই কর্তৃপক্ষ তাঁদের ওপর সন্দেহ পোষণ করে এবং মানসিকভাবে হেনস্তা শুরু করে। বৃহস্পতিবার সকালে তানহাকে কারখানার ভেতরে আটকে রাখা হয় এবং তাঁদের চাকরিদাতাকে হাজির করার জন্য চাপ সৃষ্টি করা হয়।
আশুলিয়া থানার এসআই সুমন মিয়া জানান, ভুক্তভোগীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ আটকের বিষয়টি অস্বীকার করেছে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট কাউবয় ফুডস-এর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির ভেতরে অস্থিরতা ও শ্রমিকদের ওপর এমন ভীতিকর পরিস্থিতি তৈরির অভিযোগ সামনে আসছে। প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ডিআর




Comments