রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা পর্যায়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর কর্মকর্তারা, সফল মৎস্যচাষি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর বিভিন্ন দিক এবং দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ জীবনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিকল্পিত ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে একদিকে যেমন প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে মৎস্যচাষিরাও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি ও সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, সফল মৎস্যচাষিদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয়রা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা মৎস্য পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিস ও সিএনআরএসের উদ্যোগে পুকুরে মাছের পোনা ছাড়া হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিলন, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, মোতালেব সিকদার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শালিখায় মৎস্যসম্পদের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষে উৎসাহ প্রদান এবং মৎস্যচাষিদের স্বাবলম্বী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বৃদ্ধি পাবে।
এসএ




Comments