কিশোরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছান। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ওই এলাকায় জড়ো হন। এ সময় বিভিন্ন স্লোগানে তাঁকে স্বাগত জানান তারা।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁর সফর নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টার দিকে আছমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে মৎস্যসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখা দেশের ১৪ জন উদ্যোক্তাকে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক দেওয়া হবে।
এরপর বেলা আড়াইটার দিকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কথা রয়েছে তাঁর।
বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে সেখানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
এসএ




Comments