হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব, উসকানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ির শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন।
ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, সম্প্রতি নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত একটি ধর্মীয় সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার, হুমকি, উসকানি ও গালাগাল করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ওই সমাবেশে বক্তারা ‘সারা দেশে হেযবুত তওহীদের কবর রচনা করা হবে’, ‘সরকার হেযবুত তওহীদকে নিষিদ্ধ না করলে সারা দেশ অচল করে দেওয়া হবে’ এবং ‘হেযবুত তওহীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে’—এ ধরনের বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য দেশের আইন ও সংবিধানের পরিপন্থী বলেও দাবি করেন তিনি।
হেযবুত তওহীদের এই নেতা আরও বলেন, কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে তাঁদের সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। মিথ্যা তথ্যসংবলিত হ্যান্ডবিল তৈরি করে হাট-বাজার, মসজিদ ও মাদ্রাসায় বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সভা-সমাবেশ, মসজিদের মিম্বার, জুমার খুতবা ও ওয়াজের মঞ্চ থেকেও তাঁদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এসব প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। এতে হেযবুত তওহীদের নেতা-কর্মীদের জানমাল, বাড়িঘর, কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পে যেকোনো সময় হামলার আশঙ্কা রয়েছে।
মতবিনিময় সভায় হেযবুত তওহীদের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করা, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংগঠনের নেতা-কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাসহ কয়েকটি দাবি তুলে ধরেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
তবে হেযবুত তওহীদের এসব অভিযোগের বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মতবিনিময় সভায় নোয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসএ




Comments