গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা, প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা, ছুরিকাঘাতের চেষ্টা, বাড়িতে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাইবান্ধা প্রেসক্লাব।
হামলার শিকার সাংবাদিক মাহমুদুল হাবীব রিপন ‘দৈনিক স্বদেশ বিচিত্রা’ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি। তিনি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমামরোজপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার সোনা মিয়ার ছেলে মেহেদী হাসান পাপুল গত ১৫ জুলাই ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
সাংবাদিক রিপনের অভিযোগ, ওই সংবাদ প্রকাশের জের ধরে জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৪ আগস্ট সকালে মেহেদী হাসান পাপুল তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের চেষ্টা করেন। জীবন বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
পরে ওইদিন সন্ধ্যায় পাপুল ও তাঁর সহযোগীরা সাংবাদিক রিপনের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক মাহমুদুল হাবীব রিপন গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান পাপুলকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।
এক বিবৃতিতে তাঁরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হামলা ও হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত মেহেদী হাসান পাপুলকে দ্রুত আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এসএ




Comments