প্রেমের মিষ্টি কথায় এতদিন আকাশ-কুসুম স্বপ্ন দেখালেও শুভ পরিণয়ের সময় আসতেই সটকে পড়েছেন প্রেমিক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় গ্রামে। সেখানে বিয়ের দাবিতে সাবেক ইউপি সদস্য ফটিকের বসতভিটায় অনশনে বসেছেন তার বিধবা প্রেমিকা। আর প্রেমিকার আগমন টের পেয়ে ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে চম্পট দিয়েছেন সাবেক এই জনপ্রতিনিধি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বিধবা নারীর সঙ্গে প্রেমের নামে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক গড়ে তোলেন সাবেক মেম্বার ফটিক। সংসারের আশা দেখিয়ে মধুর দিন কাটলেও বিপত্তি বাধে বিয়ের কথা তুলতেই। ফটিক সাফ জানিয়ে দেন, প্রেম চলবে কিন্তু বিয়ের পিঁড়িতে বসা চলবে না।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত সোমবার (১৭ আগস্ট) সকালে সরাসরি ফটিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই নারী। আকস্মিক প্রেমিকাকে দরজায় দেখে ঘাবড়ে যান ফটিক। অভিযোগ রয়েছে, প্রেমিকার দাবি মানা তো দূরের কথা, উল্টো তাকে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা মেরে দ্রুত এলাকা থেকে সটকে পড়েন তিনি।
ঘটনার নাটকীয়তা এখানেই শেষ নয়। নিজের পিঠ বাঁচাতে ফটিক উল্টো সাঘাটা থানায় গিয়ে ওই নারীকে বাড়ি থেকে সরানোর জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তবে এতে হিতে বিপরীত হতে বেশি সময় লাগেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাক্ষ্য এবং ওই নারীর বক্তব্য শুনে ঘটনার সত্যতা পায়। ফলে ফটিকের উদ্দেশ্য ভেস্তে দিয়ে পুলিশ ওই নারীকে তার বাড়িতে অবস্থানের ব্যবস্থা নিশ্চিত করেই ফিরে যায়।
এদিকে সাবেক মেম্বারের এই প্রেম ও পলায়ন পর্ব দেখতে দিনভর ফটিকের বাড়িতে শত শত উৎসুক নারী-পুরুষের ভিড় জমে যায়। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে স্থানীয়রা জানান, গ্রামজুড়ে এখন একটাই আলোচনা চলছে—তালা মেরে পালিয়ে আর পুলিশ ডেকেও শেষ রক্ষা হলো না প্রেমিক ফটিকের!
ডিআর




Comments