Image description

গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিনজন কর্মকর্তাকে তাদের নিজ নিজ জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাও রয়েছেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাঁর পরবর্তী কর্মস্থল সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, আগামী শুক্রবার (২১ আগস্ট) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের ৬৬টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই পরীক্ষার মাত্র দুই দিন আগে জেলা প্রশাসককে আকস্মিকভাবে প্রত্যাহার করার ঘটনায় জেলাজুড়ে এবং বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি কর্মকর্তাদের বদলি বা প্রত্যাহার একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এর সঙ্গে আসন্ন নিয়োগ পরীক্ষার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গত বছরের ১৩ নভেম্বর গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ‘এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া কর্মজীবনে তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং গোবিন্দগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ডিআর