Image description

টাঙ্গাইলের সখীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমো আক্তার (২২) নামের এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী বাজারের উত্তর পাশে ‘চামড়া পচা পুকুর’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমো আক্তারের ছয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহত ইমো আক্তার সখীপুর উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে এবং ভূঞাপুর উপজেলার জামান আহমেদের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ছয় মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে বাবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে সখীপুর শহরের দিকে যাচ্ছিলেন ইমো আক্তার। পথে ‘চামড়া পচা পুকুর’ এলাকায় পৌঁছালে চলন্ত অটোরিকশা থেকে মুখ বাইরে বের করে থুতু ফেলতে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে তার মাথায় সজোরে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে অটোরিকশায় থাকা তার বাবা ও ছয় মাস বয়সী শিশুসন্তান অক্ষত রয়েছে।

স্থানীয় বাসিন্দা সীমা আক্তার ও আনোয়ার জানান, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট অটোরিকশা ও ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে চালকদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশা ও ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএ