জুয়াড়িদের হামলায় আহত সেই শিক্ষকের মৃত্যু
দেখা হলো না নবজাতক সন্তানের মুখও
লালমনিরহাটের আদিতমারীতে মাদক কারবার ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরির কারণে হামলার শিকার কলেজশিক্ষক আরিফুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব। তিনি জানান, আরিফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হামলায় অভিযুক্ত কয়েকজনের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত আরিফুল ইসলাম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রভাষক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদক, অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলন গড়ে ওঠে। এর অংশ হিসেবে আরিফুল নিজ এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে স্থানীয়দের সচেতন করতেন। তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কয়েকজনকে ডেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান। এরপর থেকেই তাঁর ওপর ক্ষোভ তৈরি হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে রহিদুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আরিফুলের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা ২১ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
আরিফুলের পরিবার জানায়, গত ৬ আগস্ট তাঁর একটি ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা আরিফুল একবারের জন্যও নবজাতক সন্তানের মুখ দেখতে পারেননি। স্বজনদের ভাষ্য, পরিবারের একমাত্র স্বপ্ন ও আশ্রয় হয়ে থাকা আরিফুলের মৃত্যুতে পুরো পরিবার এখন দিশেহারা।
হামলার ঘটনায় আরিফুলের বাবা গত ২ আগস্ট রহিদুল ইসলামকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আট আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। প্রধান অভিযুক্ত রহিদুল ইসলামকে গত ১২ আগস্ট রাতে ঢাকার হাতিরঝিলের নয়াটোলা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
আরিফুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বিষয়ে ওসি নাজমুস সাকিব সজীব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
এসএ




Comments