Image description

গাইবান্ধার সাঘাটা উপজেলার হেলেঞ্চা-টু-বাটি সড়কের পাশে সরকারি জায়গায় থাকা ৪-৫টি গাছ কাটার অভিযোগ উঠেছে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য একরাম হোসেনের বিরুদ্ধে। একই সঙ্গে জলাবদ্ধ এলাকায় কাঠের সাঁকো নির্মাণ করে প্রায় দুই লাখ টাকা বিল চাওয়ার অভিযোগ নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে ইউপি সদস্য একরাম হোসেন বলেন, জলাবদ্ধ এলাকার শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলের সুবিধার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তার নির্দেশে সাঁকোটি নির্মাণ করা হয়েছে। তবে কাজের শেষ পর্যায়ে কিছু অতিরিক্ত কাঠের প্রয়োজন হওয়ায় রাস্তার পাশের একটি ছোট গাছ কাটার কথা স্বীকার করেন তিনি।

তবে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন জানান, সরকারি গাছ কাটার বিষয়ে ইউনিয়ন পরিষদের কোনো অনুমোদন বা রেজুলেশন নেওয়া হয়নি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার বিষয়টি দেখতে পান এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গার গাছ কাটার অনুমোদন ছিল কি না, কাটা গাছগুলোর মূল্য নির্ধারণ ও ব্যবহার কীভাবে করা হয়েছে এবং সাঁকো নির্মাণে প্রায় দুই লাখ টাকা বিল চাওয়ার ভিত্তি কী—এসব বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন।

এদিকে অভিযোগের বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

সচেতন মহলের মতে, সরকারি গাছ কাটার অভিযোগ এবং সাঁকো নির্মাণের বিপরীতে চাওয়া বিল—দুই বিষয়ই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। এতে প্রকৃত ঘটনা ও সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

এসএ