Image description

নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের খাড়াব এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. লিটন ভূইয়া (৪৫) বাদী হয়ে একই এলাকার ছামেদ ভূইয়ার (৫০) বিরুদ্ধে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার সময় ওই শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যান অভিযুক্ত ছামেদ ভূইয়া। সেখানে শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন শিশুটির বাবা। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ আগস্ট দুপুরে সে বিষয়টি তার মাকে জানায়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর পরামর্শ দেন।

এ ঘটনায় শিশুটির বাবা মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “আমরা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং অতি শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।”

তবে পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে।

ডিআর