Image description

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে প্রতারণা, অর্থ আত্মসাৎ, শারীরিক সম্পর্ক স্থাপন ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

মঙ্গলবার রাতে সাদুল্লাপুর থানায় চেয়ারম্যান রবিউল ইসলাম ও তাঁর সহযোগী ছালেহীন আকন্দকে আসামি করে মামলাটি করা হয়। বুধবার (২৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম।

মামলার বাদী শরিফা জিন্নাত (৩৩) উপজেলার ছান্দিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ার সুবাদে চেয়ারম্যান রবিউল ইসলামের সঙ্গে ওই শিক্ষিকার পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চেয়ারম্যান একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের কথা বললে চেয়ারম্যান বিভিন্ন কৌশলে তা এড়িয়ে যান বলেও অভিযোগ করেন বাদী।

এজাহারে আরও বলা হয়, চেয়ারম্যানের সহযোগী ছালেহীন আকন্দ গোপনে ছবি তুলে তা বিকৃত করার ভয় দেখিয়ে ওই শিক্ষিকাকে ব্ল্যাকমেইল করেন। এ ছাড়া ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। বিয়ের খরচের কথা বলে ব্যাংকঋণের মাধ্যমে শিক্ষিকার কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

বাদীর দাবি, চেয়ারম্যানের বিয়ের আশ্বাসে তিনি তাঁর প্রথম সংসার ভেঙে দেন। ওই সংসারে তাঁর দুটি সন্তান রয়েছে। পরে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তিনি প্রথমে থানায় অভিযোগ করেন। মামলা নেওয়া না হলে গত ১৬ আগস্ট আদালতের শরণাপন্ন হন। শুনানি শেষে আদালত থানাকে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ বিষয়ে চেয়ারম্যান রবিউল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, “ধর্ষণ, প্রতারণাসহ বিভিন্ন ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।”

এসএ