মাধবপুরে ৫ বছর ধরে এফডব্লিউভি পদ শূন্য, ব্যাহত পরিবার কল্যাণ সেবা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় পাঁচ বছর ধরে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদ শূন্য রয়েছে। এতে ইউনিয়নের প্রত্যন্ত এলাকার নারী ও পরিবারগুলোর কাছে নিয়মিত পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। একজন কর্মীকে দিয়ে সপ্তাহে মাত্র একদিন দায়িত্ব পালন করিয়ে বৃহৎ একটি ইউনিয়নের পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করায় তদারকি ও মনিটরিংয়েও ঘাটতি দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে তৎকালীন পরিবার কল্যাণ পরিদর্শিকা শান্তি রানী পাল কেন্দ্রের এক আয়ার সঙ্গে হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়েন। পরে কর্তৃপক্ষ তাকে বালাগঞ্জে বদলি করে। এরপর থেকেই ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এফডব্লিউভি পদটি শূন্য রয়েছে।
বর্তমানে নোয়াপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা শিখা রাণী বণিককে কর্তৃপক্ষের নির্দেশে সপ্তাহে একদিন ছাতিয়াইন ইউনিয়ন কেন্দ্রে দায়িত্ব পালন করতে হচ্ছে। সপ্তাহে মাত্র একদিন দায়িত্ব পালন করে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পরিবার পরিকল্পনা কার্যক্রমের সার্বিক তদারকি ও নিয়মিত মনিটরিং কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে শুধু এফডব্লিউভি পদই নয়, সম্প্রতি ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর কমিউনিটি ক্লিনিকে কর্মরত পরিবার পরিকল্পনা সহকারী শিপ্রা রায় অবসরে যাওয়ায় সেখানেও নতুন করে জনবল সংকট দেখা দিয়েছে। তার স্থলে এখনো কাউকে পদায়ন না করায় ওই এলাকার পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়নের বিভিন্ন গ্রামের, বিশেষ করে প্রত্যন্ত এলাকার নারীদের নিয়মিত পরিবার পরিকল্পনা সেবা, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে পরামর্শ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ পেতে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রয়োজনের সময় কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় অনেকেই দূরের স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
সংশ্লিষ্টরা বলছেন, ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম সফল করতে মাঠকর্মীদের নিয়মিত তদারকি ও মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে এফডব্লিউভি পদ শূন্য থাকায় মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় ও তদারকিতে ঘাটতি তৈরি হয়েছে। এর সঙ্গে শিমুলঘর কমিউনিটি ক্লিনিকেও কর্মী সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
স্থানীয়দের দাবি, ছাতিয়াইন ইউনিয়নের পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে দ্রুত শূন্য পদে পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার পরিকল্পনা সহকারী পদায়ন করা হোক। এতে প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় নিয়মিত সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমেও গতি ফিরবে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান বলেন, ‘শূন্য পদের বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
এসএ




Comments