Image description

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে সিভিল পোশাকে আসা একদল পুলিশ চকরিয়া পৌরসভার পুরাতন বিমানবন্দর সড়কের সায়মা প্লাজা থেকে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে থানায় নিয়ে যায়।

৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া কয়েকটি মামলায় আলমগীর চৌধুরীকে আসামি করা হলেও তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। পরে তার জামিননামার কাগজপত্র যাচাই-বাছাই করে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে ‘প্রেস জামিন’ নেওয়া হয়নি।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে তাকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির এক নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাতেও আলমগীর চৌধুরীকে আসামি করা হয়েছে। মামলাটি মহাসড়কের ফাঁসিয়াখালী ইউনিয়নের ‘রাস্তার মাথা’ নামক এলাকায় সংঘটিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

আলমগীর চৌধুরীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে মামলার বাদী আদালতে এফিডেভিট দিয়েছেন।

আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার টানা দুইবার নির্বাচিত মেয়র ছিলেন। তাকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় নিন্দা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এসএ