Image description

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আসিফ (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রবিবার (৩০ আগস্ট) রাতে দুবাই-আবুধাবি মহাসড়কে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আসিফ কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার দেলোয়ার হোছাইনের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন আসিফ। পথে মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সচ্ছলতা ফেরাতে বড় আশা নিয়ে প্রবাসে পাড়ি জমানো এই যুবকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা দেলোয়ার হোছাইন কান্নায় ভেঙে পড়ে বলেন, “পরিবারের ভাগ্য বদলাতে ছেলেটা প্রবাসে গিয়েছিল। সে এভাবে লাশ হয়ে ফিরবে তা কখনো কল্পনাও করিনি। সরকারের কাছে আমার অনুরোধ, আমার ছেলের মুখটা যেন শেষবারের মতো দেখতে পারি, তাই দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।”

চকরিয়া দুবাই সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক জানান, আসিফের মরদেহ দেশে পাঠাতে তারা ইতিমধ্যে প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ শুরু করেছেন। যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, মরদেহ দেশে আনার জন্য সরকারের নির্ধারিত ফরম পূরণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। আবেদন সাপেক্ষে নিহতের পরিবার সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক অনুদানসহ সব ধরনের প্রশাসনিক সহযোগিতা পাবেন।

ডিআর