Image description

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—ফিরোজ আহমেদ তৌহিদ (২০) ও মাহি উদ্দীন (২১)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আহমেদ তৌহিদ চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাবপাড়া ২ নম্বর ওয়ার্ডের মো. মনির হোসেনের ছেলে। অপর নিহত মাহি উদ্দীন একই থানার শাহারপাড়া পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ফিরোজ আহমেদ তৌহিদ নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী মাহি উদ্দীন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে চমেক হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী বলেন, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মিনি ট্রাকের চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএ