শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে ওসিসহ আহত ১০
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে মীর সরফত আলী সপুর সমর্থকদের একটি পূর্বনির্ধারিত আনন্দ মিছিল বের হওয়ার কথা ছিল। এই কর্মসূচি সফল করতে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।
একপর্যায়ে শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর সূত্র ধরে একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় ইটের আঘাতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিআর




Comments