Image description

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এদিন বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ৭টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে কালিয়াকৈর বাস স্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও জাতীয়-দলীয় পতাকাসহ অংশ নেন। নেতাকর্মীদের স্লোগানে এসময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুউদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন এবং পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

ডিআর