শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিশ্বনাথ বাজারে জড়ো হতে থাকেন। ফলে পুরো বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাইয়ের নেতৃত্বে পৌর শহরের প্রবাসী চত্বর থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রবাসী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। র্যালিতে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষকদল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। বক্তারা তাঁদের বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তারা স্মরণ করেন বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে।
সমাবেশে এই জনপদের নিখোঁজ সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আগামীর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিআর




Comments