নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
নবীনগর পৌর বিএনপির সভাপতি ভিপি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাস নেতা লিয়াকত আলী, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, মাসুদুল ইসলাম মাসুদ, ব্যারিস্টার আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান, শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ, যুবদল নেতা আসাদুজ্জামান দুলাল এবং ছাত্রদল নেতা অনন্ত হীরা।
সভায় বক্তারা বিএনপির গৌরবময় ইতিহাস ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তারা বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি উৎসব নয়, বরং এটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার এবং সংগঠনের আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার দিন। আগামী দিনে দেশ ও জনগণের অধিকার রক্ষায় দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভাস্থল এক জনসমুদ্রে পরিণত হয়।
ডিআর




Comments