চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৫টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটলেও ২২টি ক্ষেত্রেই মামলা রুজু না করার অভিযোগে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে (ওসি) শোকজ করেছেন আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ এই আদেশ দেন।
আদেশে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানকে আগামী ৮ সেপ্টেম্বর সশরীরে আদালতে উপস্থিত হয়ে চুরি প্রতিরোধে নিষ্ক্রিয়তা এবং মামলা রুজু না করার বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি সংবাদপত্রে ‘মতলব উত্তরে ট্রান্সফর্মার চুরির হিড়িক’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে এলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ স্বতঃপ্রণোদিত হয়ে চুরি প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এবং মতলব উত্তর থানার ওসির কাছে প্রতিবেদন তলব করেন।
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের দাখিল করা প্রতিবেদন থেকে দেখা যায়, ট্রান্সফর্মার চুরির প্রত্যেকটি ঘটনায় থানায় মামলা দায়েরের জন্য লিখিত আবেদন জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও ওসি ২২টি ঘটনায় কোনো মামলা রুজু করেননি। এমনকি আদালতের পূর্ববর্তী আদেশের আগ পর্যন্ত একটি মামলাও নথিভুক্ত করা হয়নি।
বিদ্যুতের মতো জরুরি সেবার জাতীয় সম্পদের যন্ত্রাংশ চুরির ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়া এবং দায়িত্বে অবহেলার বিষয়টি আমলে নিয়ে আদালত ওসির বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা আগামী ৮ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।
ডিআর




Comments