Image description

বিদ্যালয়ের ইউনিফর্ম পরে স্কুলব্যাগ, অতিরিক্ত পোশাক ও টিফিন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল তিন শিক্ষার্থী। উদ্দেশ্য ছিল বিদ্যালয়ে যাওয়া। তবে স্কুলে না গিয়ে তিন বান্ধবী মিলে পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে তারা।

ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১১টার দিকে। বন্যায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে ফেরার পথে সড়কের পাশে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় তিন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের।

পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, তারা বিদ্যালয়ে না গিয়ে পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল। ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের বিদ্যালয় ফাঁকি দিয়ে নির্জন পার্কে যাওয়ার সিদ্ধান্ত যে তাদের জন্য অনাকাঙ্ক্ষিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারত, সে বিষয়ে তাদের বুঝিয়ে বলেন ইউএনও।

পরে স্থানীয় এক নারী ইউপি সদস্যের সহযোগিতায় তিন শিক্ষার্থীকে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। খবর পেয়ে সেখানে তাদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদেরও ডেকে আনা হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নিরাপদ চলাফেরা এবং অপরিচিত বা নির্জন স্থানে না যাওয়ার বিষয়ে সচেতন করা হয়।

ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা যায়, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে তিন শিক্ষার্থীকে বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনা অভিভাবক ও শিক্ষকদের জন্যও একটি সতর্কবার্তা। শুধু সন্তান বিদ্যালয়ের পোশাক পরে বাড়ি থেকে বের হচ্ছে কি না, তা নিশ্চিত করাই যথেষ্ট নয়; তারা সত্যিই বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং বিদ্যালয় শেষে কোথায় যাচ্ছে, সে বিষয়েও নিয়মিত খোঁজ রাখা জরুরি।

এসএ