Image description

ময়মনসিংহের নান্দাইলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রির অপরাধে এক সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নান্দাইল পৌরসভার নতুন বাজার এলাকায় হাজী এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা যায়, ৫০ কেজির প্রতি বস্তা ডিএপি সারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা। কিন্তু হাজী এন্টারপ্রাইজে তা ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। অভিযোগ পেয়ে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় হাজী এন্টারপ্রাইজের মালিক এটিএম ওয়ালিউল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসএ