Image description

সাতক্ষীরার শ্যামনগর থানায় প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত যানবাহন না থাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিশাল আয়তনের এই উপজেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে যানবাহন সংকটের কারণে পুলিশ সদস্যদের নিয়মিত অভিযানে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

উপজেলাটি আয়তনে বড় হওয়ায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পুলিশের দীর্ঘ সময় ও অতিরিক্ত পরিবহন ব্যয় হচ্ছে। বিশেষ করে সুন্দরবন সংলগ্ন ইউনিয়নগুলোতে কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফলে আসামি গ্রেপ্তার, অভিযোগ তদন্ত কিংবা আলামত সংগ্রহের কাজে অনাকাঙ্ক্ষিত বিলম্ব ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে। জরুরি অভিযানের ক্ষেত্রে বর্তমানে অনেক সময় বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, শ্যামনগরের ভৌগোলিক বাস্তবতা ও বিশাল আয়তনের কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক সরকারি যানবাহন সরবরাহ করা জরুরি। এতে পুলিশের সক্ষমতা বাড়বে এবং সাধারণ মানুষ দ্রুত ও কার্যকর সেবা পাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনবলের পাশাপাশি প্রয়োজনীয় লজিস্টিক সুবিধাও নিশ্চিত করা প্রয়োজন।

যানবাহন সংকটের বিষয়টি স্বীকার করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, থানায় বর্তমানে যে গাড়িটি রয়েছে তা অত্যন্ত পুরাতন এবং প্রায়ই বিকল হয়ে পড়ে। এই সমস্যার বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ডিআর