রাজবাড়ীর পাংশায় বসতবাড়ির ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাংশা শহরের বাড়েক মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাড়েক মোড় এলাকার মোহন কাজীর বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির পালায় একটি ভিমরুলের বাসা ছিল। সেই বাসাটি পোড়ানোর জন্য পাটকাঠিতে আগুন দেওয়া হলে তা মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান এবং কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের দোকানসহ মোট পাঁচটি দোকান পুরোপুরি পুড়ে যায়। এছাড়া মোহন কাজীর বসতবাড়িরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বাজারের আরও অনেক দোকান আগুন থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, “ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে লাগানো আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। আমার দুটি দোকানসহ পাঁচটি দোকান পুড়ে এখন ছাই। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে আমাদের।”
রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দাওয়ান সোহেল রানা জানান, পাটকাঠির পালায় লাগানো আগুন থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।
ডিআর




Comments