দুমকিতে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ল ২ দোকান
ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা
পটুয়াখালীর দুমকি উপজেলার পাতাবুনিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বাজারে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পরে তারা আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
তাদের অভিযোগ, আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্থানীয়রা বিদ্যুৎ অফিসে অন্তত ১০ বার ফোন করলেও কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো ফোন রিসিভ করেননি। দীর্ঘক্ষণ পর ফোন রিসিভ করা হলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আগেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান দুটি হলো— রত্না এন্টারপ্রাইজ, যার স্বত্বাধিকারী রুবেল খান। প্রতিষ্ঠানটির আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা। অপরটি সুরাইয়া স্টোর, যার স্বত্বাধিকারী আবুল হাসান। প্রতিষ্ঠানটির আনুমানিক ক্ষয়ক্ষতি ৪ লাখ টাকা।
বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুমকি উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের কোনো লোক বা কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। স্থানীয় ব্যবসায়ী সমাজ ঘটনার দ্রুত তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এসএ




Comments