Image description

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গনেশপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন শিবগঞ্জের গনেশপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জামাল উদ্দিন গনেশপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় জয়পুরহাটগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, গনেশপুর বাজার এলাকায় প্রায়ই এমন ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মোকামতলা-জয়পুরহাট সড়কের ওই নির্দিষ্ট পয়েন্টে একটি স্পিডব্রেকার (গতি নিরোধক) নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করে। তবে ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিআর