Image description

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে ও পথচারীদের ওপর ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক ও বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
 
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের পূর্বপাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফারুক হোসেন (২৬), আঞ্জু মিয়া (৩৫), রশিদুল ইসলাম (২৪) ও অপু মিয়া (২৭) এবং বগুড়া সদর উপজেলার খোকন মিয়া (৩৫)।

অভিযানকালে পুলিশ ১টি মিনি ট্রাক ছাড়াও ১টি তালা কাটার রেঞ্জ, ২টি লোহার ধারালো ছেনি, ৩টি এসএস পাইপ, ২টি লোহার সাবল ও ১টি কাঠের বাটযুক্ত ছোট লোহার কাস্তে উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ডিআর