হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তাহির মিয়া বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তাহির মিয়া তাঁর ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে সঙ্গে নিয়ে চালবন হাওড়ে নিজেদের জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ ও বক্করসহ কয়েকজন তাঁদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে তাহির মিয়া, তাঁর ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়গাজমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ডিআর




Comments