তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের ৮ গরু চুরি
ক্ষতি ৮ লাখ টাকা
সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে প্রায় আট লাখ টাকা মূল্যের আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার পর তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার আলীর ছেলে জাহিদ হাসান জানান, প্রতিদিনের মতো রোববার রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করে রাখা হয়। গভীর রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আটটি গরু নিয়ে পালিয়ে যায়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে গোয়ালঘরে গিয়ে তালা ভাঙা ও গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন তারা। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও চুরি যাওয়া গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
আর্তনাদ করে কৃষক হায়দার আলী বলেন, “গরুগুলোই ছিল আমার পরিবারের অন্যতম প্রধান সম্বল। একসঙ্গে আটটি গরু চুরি হয়ে যাওয়ায় আমি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় দিন দিন গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ খামারি ও কৃষকেরা আতঙ্কের মধ্যে রয়েছেন। চুরি ঠেকাতে অবিলম্বে এলাকায় নৈশকালীন পাহারা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, “পুলিশ চুরির ঘটনাটি খতিয়ে দেখছে। চুরি যাওয়া গরুগুলো দ্রুত উদ্ধার এবং এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
এসএ




Comments