Image description

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সফিপুর বাজার বাসস্ট্যান্ড এলাকাটি দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ার পাশাপাশি মহাসড়কে চলাচলে যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের পাশে গড়ে ওঠা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। দিনের পর দিন এখানে ময়লা-আবর্জনা ফেলায় গুরুত্বপূর্ণ এই এলাকাটি এখন যেন বর্জ্যের বাজারে রূপ নিয়েছে। পৌর কর্তৃপক্ষ বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও দৃশ্যমান ও কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না।

জানা যায়, কালিয়াকৈর পৌরসভার অত্যন্ত শিল্পসমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র সফিপুর। প্রতি বছর কোটি টাকার বেশি রাজস্ব দিয়ে এই বাজারটি পরিচালনা করা হয়। সফিপুরে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও একাধিক হাসপাতাল, ওষুধ বিপণি, রেস্তোরাঁ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া রয়েছে পৌর সার্কেল অফিস, মৌচাক ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ভূমি অফিসসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। ঢাকা ও গাজীপুর হয়ে উত্তরাঞ্চলে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সফিপুর মহাসড়ক। প্রতিদিন এই পথে হাজার হাজার যানবাহন ও রিকশা চলাচল করে। কিন্তু সফিপুর বাসস্ট্যান্ডেই মহাসড়কের রাস্তার ওপর আবর্জনা ফেলে রাখার ফলে যানজট এখানকার নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, মহাসড়কের পাশে ময়লা ফেলার এই অভ্যাসের কারণে পরিবেশগত সংকটের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের চরম আর্থিক ক্ষতি হচ্ছে। ময়লার স্তূপে জমা থাকা প্লাস্টিক, জৈব বর্জ্য ও বাসাবাড়ির বর্জ্যের বিশাল ঢিপি দোকানগুলোর সামনের অংশকে অবরুদ্ধ করে রেখেছে। এগুলো থেকে সার্বক্ষণিক তীব্র দুর্গন্ধ ছড়ায়, যা ক্রেতাদের দোকানে আসতে এবং পণ্য কিনতে নিরুৎসাহিত করে। বিষাক্ত গন্ধের কারণে অনেক সময় দোকানে বসে থাকাই অসম্ভব হয়ে পড়ে। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও চটপটি-ফুচকা বিক্রেতারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ক্রেতারা মুখ ফিরিয়ে নেওয়ায় এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনিক আয় আশঙ্কাজনকভাবে কমে গেছে।

সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নাজমুল মণ্ডল বলেন, "কালিয়াকৈর পৌরসভার সফিপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় ময়লার ভাগাড় হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সংকট তৈরি হয়েছে। এখানে সারাদিন লেগে থাকে দীর্ঘ যানজট, আর চারপাশের পরিবেশও মারাত্মক ক্ষতির মুখোমুখি। বিষয়টির দ্রুত স্থায়ী সমাধান করা অতীব জরুরি হয়ে পড়েছে।"

পৌরসভার পৌর নির্বাহী জাহিদুল আলম তালুকদার বলেন, "পৌরসভার নিজস্ব কোনো নির্দিষ্ট ময়লা ডাম্পিংয়ের জায়গা নেই। যার ফলে সফিপুরে দু-তিন দিনের ময়লা জমলে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। স্থায়ী ডাম্পিং স্টেশন তৈরি না হওয়া পর্যন্ত এই সমস্যা পুরোপুরি নিরসনে কিছুটা সময় লাগবে। তবে প্রতিদিন যাতে ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কার করা হয়, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পৌর প্রশাসক ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, "পৌরসভার সফিপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর জমে থাকা বর্জ্য দ্রুত সরানোর জন্য নির্দেশনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সফিপুর বাজারের ময়লা একটি সুনির্দিষ্ট স্থানে ফেলার জন্য আলাদা ডাস্টবিনের ব্যবস্থা করা হচ্ছে।"

ডিআর