বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে ফেরাচ্ছে পুলিশ
বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে দেশব্যাপী ব্যাপক খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় গাজীপুরের পূবাইল থানায় অনুষ্ঠিত হয়েছে '১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬'-এর থানা পর্যায়ের প্রতিযোগিতা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পূবাইল থানায় আয়োজিত এ খেলায় 'লাল' ও 'সবুজ' নামে দুটি দলের ১৮ জন খেলোয়াড় অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩৯ পয়েন্ট পেয়ে জয়ী হয় লাল দল এবং ১৫ পয়েন্ট পেয়ে পরাজিত হয় সবুজ দল।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইসরাইল হাওলাদার। এ সময় তিনি পূবাইলের তরুণ খেলোয়াড়দের নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম।
জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, "আমাদের কমিউনিটি পুলিশিং সামাজিক ব্যাধি দূরীকরণের পাশাপাশি যুবসমাজকে মাঠমুখী করতে কাজ করছে। তরুণ ও যুবসমাজকে মাদক এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এখন থেকে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি স্কুল টুর্নামেন্ট, জেলা লীগ ও জাতীয় লীগ অনুষ্ঠিত হবে।"
পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, গাজীপুর মেট্রোপলিটন এলাকার আটটি থানাসহ সারাদেশ থেকে কাবাডির প্রতিভাবান খেলোয়াড় সংগ্রহ করছে পুলিশ। থানা পর্যায় থেকে বাছাইকৃত খেলোয়াড়েরা পর্যায়ক্রমে জেলা, মেট্রো ক্রাইম বিভাগ ও রেঞ্জ পার হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশক্রমে আয়োজিত চার ধাপের এই '১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬' গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে। মূলত অনূর্ধ্ব-২০ বছর বয়সী নারী ও পুরুষ খেলোয়াড়দের দক্ষতা মূল্যায়ন করে নিবন্ধন করা হচ্ছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কারিগরি সহায়তায় আগামী নভেম্বরে নেপালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতাকে সামনে রেখেও এই তরুণ প্রতিভাদের বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম, বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান, আমির উদ্দিন মুন্সী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোল্লা মেহেদী হাসান রিয়াদ, পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম আওলাদ, সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া, ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি এবং যুবদল নেতা রাজীব ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডিআর




Comments